মুখ্যমন্ত্রী মানিক সাহার উপস্থিতিতে শপথ অনুষ্ঠান; জাতি-জনজাতির মধ্যে সম্প্রীতি বজায় রেখে নতুন ত্রিপুরা গড়ার আহ্বান মুখ্যমন্ত্রীর।
খুমলুঙস্থিত টিটিএএডিসি (TTAADC) সদর দপ্তরের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হল নতুন কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নতুন করে সাতজন এক্সিকিউটিভ মেম্বার (ইএম) শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, তিপরা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা এবং মন্ত্রী বিকাশ দেববর্মা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নবনিযুক্ত সাতজন কার্যনির্বাহী সদস্য হলেন কমল কলই, রাজেশ্বর দেববর্মা, কোনারাম রিয়াং, কংজয় মক, দেবজিত ত্রিপুরা, হলিউড চাকমা এবং ডেভিড মুরাসিং। তাঁরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, এর আগে চেয়ারম্যান ভবরঞ্জন দেববর্মা, ইএম রুনিয়াল দেববর্মা এবং সি কে জমাতিয়া শপথ গ্রহণ করেছিলেন। নতুন সাতজনের শপথ গ্রহণের ফলে বর্তমানে টিটিএএডিসির কার্যনির্বাহী পরিষদের মোট সদস্যসংখ্যা দাঁড়াল ১০ জনে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা নতুন ত্রিপুরা গড়ার লক্ষ্যে জাতি ও জনজাতির মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এমন এক ত্রিপুরা গড়ে তুলতে হবে, যেখানে জাতি-জনজাতির মধ্যে কোনও ধরনের বিদ্বেষ বা বিভেদের স্থান থাকবে না।
মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনও সমস্যা দেখা দিলে তা সংঘাতের পথে না গিয়ে আলোচনার টেবিলে বসে সমাধান করতে হবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করারও আহ্বান জানান তিনি।
নতুন কার্যনির্বাহী সদস্যদের শপথ গ্রহণকে কেন্দ্র করে আয়োজিত এই অনুষ্ঠান থেকে উন্নয়ন, সম্প্রীতি ও জনকল্যাণের বার্তাই উঠে আসে। রাজ্যের সামগ্রিক অগ্রগতিতে জাতি-জনজাতির সম্মিলিত ভূমিকার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান