Sunday, November 29, 2026
Duga Puja 2026
বাড়ি দেশ মাদকমুক্ত যুবসমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘মন কি বাত’-এ উঠে এল দেশের নানা সাফল্যের কথা

মাদকমুক্ত যুবসমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘মন কি বাত’-এ উঠে এল দেশের নানা সাফল্যের কথা

মাদকমুক্ত যুবসমাজ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর, ‘মন কি বাত’-এ উঠে এল দেশের নানা সাফল্যের কথা

মাদকাসক্তি যুবসমাজের স্বপ্নপূরণের পথে বড় চ্যালেঞ্জ, ‘নেশামুক্ত যুব অভিযান’-এ গণঅংশগ্রহণের উপর জোর নরেন্দ্র মোদির

দেশের যুবসমাজকে মাদকাসক্তি থেকে দূরে রেখে সুস্থ ও শক্তিশালী ভবিষ্যৎ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার আকাশবাণীতে সম্প্রচারিত ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দেশজুড়ে মাদকবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। একই সঙ্গে জোরকদমে চলছে ‘নেশামুক্ত যুব অভিযান’।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে ভারতীয় যুবসমাজের প্রতিভা নিয়ে আলোচনা হচ্ছে। তরুণরা বড় স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করছে। তবে মাদকাসক্তি তাদের ভবিষ্যৎ ও স্বপ্নপূরণের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এদিন এক যুবকের সঙ্গে কথোপকথনের মাধ্যমে মাদকাসক্তি কাটিয়ে ওঠার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি। ওই যুবক জানান, প্রথমদিকে মাদক গ্রহণ আনন্দদায়ক মনে হলেও পরবর্তী সময়ে এর কুপ্রভাব শুধু ব্যক্তির উপর নয়, গোটা পরিবারের উপর পড়ে।

সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধির প্রসঙ্গে প্রধানমন্ত্রী iGOT Karmayogi ডিজিটাল প্ল্যাটফর্মের কথা উল্লেখ করেন। তিনি জানান, এই প্ল্যাটফর্মে ১৭টি ভারতীয় ভাষায় সাত হাজারেরও বেশি প্রশিক্ষণ কোর্স রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে ভারতীয় সাংকেতিক ভাষা শেখার মতো বিভিন্ন কোর্সে লক্ষ লক্ষ সরকারি কর্মী অংশ নিয়েছেন। ‘নাগরিক দেবো ভবঃ’ মন্ত্রকে সামনে রেখেই মিশন কর্মযোগী এগিয়ে চলেছে বলে জানান তিনি।

সাইবার জালিয়াতি প্রতিরোধ এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে ‘সঞ্চার সাথী’ পোর্টালের ভূমিকার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, এই পোর্টালে ৩০ কোটিরও বেশি ভিজিট হয়েছে এবং অ্যাপটি প্রায় তিন কোটি বার ডাউনলোড করা হয়েছে। এর মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকারও বেশি সম্ভাব্য আর্থিক ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। পুনের হিমাংশু সিং এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বিবেক আলহারির সচেতন নাগরিক হিসেবে প্রতারণামূলক মোবাইল নম্বর চিহ্নিত করার উদ্যোগের প্রশংসা করেন তিনি।

দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গে বিহারের পাটনায় অবস্থিত বিহার মিউজিয়ামের সাফল্যের কথা উল্লেখ করেন মোদি। তাঁর বক্তব্য অনুযায়ী, বিশ্বের ১০০টি সেরা মিউজিয়ামের তালিকায় নবম স্থান অর্জন করেছে এই জাদুঘর এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান পেয়েছে। পাশাপাশি গুজরাটের ভদনগরে অবস্থিত ‘অনন্ত অনাদি ভদনগর আর্কিওলজিক্যাল এক্সপেরিমেন্টাল মিউজিয়াম’-এর কথাও তুলে ধরেন তিনি। সেখানে পাঁচ হাজারেরও বেশি প্রাচীন প্রত্নবস্তু প্রদর্শিত হচ্ছে।

ইতালির ভেনিস আর্ট বিয়েনালে ভারতের সাফল্য নিয়েও গর্ব প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, ভারতের প্যাভিলিয়ন দেখতে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ ভিড় করেছিলেন এবং আন্তর্জাতিক দর্শকদের ভোটে এটি সেরা প্যাভিলিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে দিল্লিতে শুরু হতে চলা ‘ইন্ডিয়া বিয়েনালে’-তে সকলকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। ১০৮ দিন ধরে চলবে শিল্প, স্থাপত্য ও নকশার এই উৎসব।

ভারতীয় গুড় ও চকোলেটের আন্তর্জাতিক বাজারে প্রসারের বিষয়টিও উঠে আসে এদিনের অনুষ্ঠানে। তামিলনাড়ুর ইরোডের জৈব পাম গুড় প্রথমবার ইউরোপের বাজারে পৌঁছেছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারতীয় চকোলেট ও কোকো-ভিত্তিক পণ্যের রপ্তানি গত বছর প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। গুজরাটের কচ্ছ অঞ্চলে উটের দুধ দিয়ে আমুলের তৈরি চকোলেট-জাফরান স্বাদের দুধ এবং রাজভোগ আইসক্রিমের কথাও তুলে ধরেন তিনি।

ফিট ইন্ডিয়া আন্দোলনের অধীনে ‘সানডেজ অন সাইকেল’ কর্মসূচির ১০০টি পর্ব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মোদি। তাঁর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উদ্যোগে দেশের ৩০ হাজারেরও বেশি স্থানে ৩৭ লক্ষের বেশি মানুষ অংশ নিয়েছেন। পাশাপাশি ২০৩২ সালের UCI রোড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ পুনেতে অনুষ্ঠিত হওয়ার কথাও জানান তিনি।

ক্রীড়াক্ষেত্রে ভারতের সাম্প্রতিক সাফল্যের প্রসঙ্গে ভারতীয় ফুটবল দলের দশমবার SAFF চ্যাম্পিয়নশিপ জয়, ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনের পরপর দুটি সুপার ৫০০ খেতাব এবং পি.ভি. সিন্ধুর Hylo Open জয়ের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আগামী ১১ থেকে ২২ ডিসেম্বর তেলেঙ্গানার ছয়টি শহরে অষ্টম খেলো ইন্ডিয়া যুব গেমস অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী দৈনন্দিন খাদ্যতালিকায় তেলের ব্যবহার ১০ শতাংশ কমানোর পরামর্শ দেন। তিনি বলেন, স্থূলতা বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। তাই নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন থাকা জরুরি।

এদিন কানাডার ‘সাই ধাম ফুড ব্যাংক’-এর মানবিক উদ্যোগের কথাও তুলে ধরেন মোদি। বৃহত্তর টরন্টো ও হ্যামিল্টন এলাকায় প্রতি মাসে প্রায় ৬০ হাজার মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এই উদ্যোগের মাধ্যমে। পাশাপাশি কানাডার কমিউনিটি রেডিওর মাধ্যমে সমাজসেবামূলক কাজের জন্য কুলবিন্দর সাঙ্গেরার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিখ গুরুদের অসাধারণ চিত্রকর্মের জন্য পরিচিত শিল্পী শোভা সিংয়ের ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভারতীয় সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী বি.এন. রাউয়ের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘মন কি বাত’-এ দেশবাসীর পাঠানো বার্তা ও অভিজ্ঞতা তাঁকে দেশের বিভিন্ন প্রান্তে ঘটে চলা অসাধারণ উদ্যোগ সম্পর্কে জানতে সাহায্য করে। সাধারণ মানুষের উদ্যোগেই সমাজের ভালো কাজগুলি জাতীয় স্তরে পরিচিতি লাভ করছে বলে মন্তব্য করেন তিনি।

Santosh Paul
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha