রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি করা দেশগুলোর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের পথে এগোল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা দেশগুলির পণ্যের উপর আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব-সহ একটি বিল মার্কিন সেনেটে বিপুল ভোটে পাস হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মার্কিন সেনেটে বিলটির পক্ষে ৮৬টি ভোট পড়ে, বিপক্ষে ভোট পড়ে ১১টি। এবার বিলটি হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে পেশ করা হবে। সেখানে অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হওয়ার পথ খুলে যাবে। স্বাক্ষরের পর কয়েক সপ্তাহের মধ্যেই এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে।
এই প্রস্তাব কার্যকর হলে রাশিয়া থেকে নিয়মিত অপরিশোধিত তেল আমদানি করা ভারত, চিন ও জাপান-সহ একাধিক দেশ বড় ধরনের বাণিজ্যিক চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে ভারতীয় পণ্য মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে অতিরিক্ত শুল্কের বোঝা তৈরি হলে তা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
মার্কিন সেনেটের যুক্তি, রাশিয়া থেকে জ্বালানি কেনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলি পরোক্ষভাবে রাশিয়ার অর্থনীতিকে শক্তিশালী করছে এবং সেই অর্থ ইউক্রেনের বিরুদ্ধে চলা যুদ্ধে রাশিয়ার সামরিক কর্মকাণ্ডকে সহায়তা করছে। সেই কারণেই রাশিয়ার জ্বালানি বাণিজ্যের উপর চাপ বাড়াতেই এই শুল্ক প্রস্তাব আনা হয়েছে।
তবে বিলটি এখনও পূর্ণাঙ্গ আইনে পরিণত হয়নি। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে এর ভবিষ্যৎ কী হবে এবং প্রেসিডেন্টের স্বাক্ষরের পর কোন কোন দেশ ও পণ্যের উপর কীভাবে শুল্ক কার্যকর হবে, তা এখন আন্তর্জাতিক বাণিজ্য মহলের নজরে।
রাশিয়ার তেল আমদানি নিয়ে ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলির সঙ্গে মতপার্থক্য রয়েছে ভারত ও চিনের। নতুন এই মার্কিন উদ্যোগ কার্যকর হলে বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং ভারত-মার্কিন অর্থনৈতিক সম্পর্ক—তিন ক্ষেত্রেই এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান